নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ময়মনসিংহে কাবিটা প্রকল্পের অর্থায়নে নির্মিত রাস্তার ইটের সলিং রাতের আঁধারে তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে নান্দাইলের খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কাবিটা প্রকল্পের আওতায় খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া-খারুয়া সড়কের হালিউড়া দারুল কোরআন নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সামনের সড়কটি ইটের সলিং করা হয়। তিন দিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা সড়কটির ইট তুলে নিয়ে যায়। এতে মাদ্রাসার খুদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, যুবদল নেতা সিদ্দিকুর রহমান সোহেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মন ভূঁইয়াসহ স্থানীয় বাসিন্দারা।
প্রকল্পের সভাপতি জুম্মন ভূঁইয়া বলেছেন, ‘একটি মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। তারপরেও কুচক্রী মহল রাতের আঁধারে ইটগুলো তুলে নিয়ে গেছে। যারা অপরাধী, তাদের বিচার দাবি করছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক বলেন, ‘ইটের সলিং তুলে নেওয়ার ঘটনা খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’



