মোরেলগঞ্জে মিন্টু হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি
বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচিত বিএনপি নেতা মিন্টু শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার দুই আসামি হলেন মহসিন হাওলাদার (৪০) ও শিমুল মোল্লা (৫২)। তারা দুজনই মামলার পলাতক আসামি ছিলেন।
শনিবার (৩০ মে) ঢাকার মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তার মোড় ও জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদর কোম্পানি এবং র্যাব-২-এর স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে আগেও মোরেলগঞ্জে গোলাম রসুল ও মানসুর শেখ হত্যা মামলার অভিযোগ রয়েছে।
গত ১৮ মে বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জের বৌলপুর গ্রামের একটি সড়কে মিন্টু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড, দা ও চাপাতি দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারহ মহসিন হাওলাদার ও শিমুল মোল্লা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






