রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরি দিয়ে আঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

গ্রাফিকস: আগামীর সময়
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরি দিয়ে আঘাতের ঘটনায় বিএনপি নেতা এবাদুল্লাহ গাজীসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় সাইফুল প্রকাশ সুজন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট বাজারে ঘটে এ ঘটনা। আহত এবাদুল্লাহ গাজী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
স্থানীয়দের ভাষ্য, রাতে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ছুরি মেরে আহত করা হয় এবাদুল্লাহ গাজীসহ চারজনকে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ব্যক্তিদের মধ্যে এবাদুল্লাহ গাজী ও জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুজন রায়হান ও সফিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আটক সাইফুল প্রকাশ সুজন ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে। তার বাড়িও ওই এলাকায়।
‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক
০৪ নভেম্বর ২০২৬
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ছুরি মেরে আহতের অভিযোগে সুজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সুজন পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন বলেও অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




