এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে সাড়ে ৬ লাখ টাকা চুরির অভিযোগ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৬ লাখ ৬৩ হাজার ৯৫১ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ সময় পাঁচটি সিসি ক্যামেরা, ক্যামেরার স্টোরেজ হার্ডডিস্ক ও একটি ওয়াইফাই রাউটারও চুরি হয়েছে।
গত মঙ্গলবার রাতে হরিরামপুরের ঝিটকা বাজারের আমির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার হরিরামপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন শাখার এজেন্ট শরিফুল ইসলাম।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ঝিটকা বাজারের আমির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাটি পরিচালনা করেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রতিদিনের মতো প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে শাখায় এসে দেখেন, মার্কেটের নিচতলার পেছনের অংশের গ্রিল কাটা এবং ব্যাংকের মূল ফটকের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে ভল্ট ভাঙা এবং সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।
এজেন্ট শরিফুল ইসলাম বলেন, ভল্ট ভেঙে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫১ টাকা নিয়ে গেছে চোরেরা। পাঁচটি সিসি ক্যামেরা, ক্যামেরার স্টোরেজ হার্ডডিস্ক ও ওয়াইফাই রাউটার চুরির বিষয়েও হরিরামপুর থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’



