৮ মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি, জানালেন মন্ত্রী

ছবি: আগামীর সময়
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, 'দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। তারপরও চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎকে বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্ম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেছেন, 'যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। গত আট মাসেই এ খাতে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।'
ফেলে দেওয়া টিউব-টায়ারে তৈরি হচ্ছে স্যান্ডেল, রাজশাহীতে টিকে আছে পুরনো ঐতিহ্য
০৩ নভেম্বর ২০২৬
তিনি বললেন, বর্তমান সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার।
এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ব্যক্তি পর্যায়ে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সবাইকে উৎসাহিত করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সভায় উপস্থিত সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তাঁর মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে একদিকে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা সম্ভব হবে।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





