২৭ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ ৪.৪৬

ইউপি সদস্য আমিনুল ইসলাম
গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমিনুল ইসলাম নামে এক ইউপি সদস্য। গতকাল শনিবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪ দশমিক ৪৬ পেয়েছেন। দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে থাকার পর তার এই সাফল্য এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। এরপর জীবিকা ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন আর পড়াশোনা করা হয়নি।
আজ রবিবার আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেন তিনি। এরপর নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা থেকে আবার পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নেন।
২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন আমিনুল। সংসার, ব্যক্তিগত কাজ এবং জনপ্রতিনিধির দায়িত্ব সামলে শুরু করেন পড়াশোনা।
তিনি বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন। শিক্ষার কোনো বয়স নেই। বিভিন্ন কারণে যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, আমার এই অর্জন দেখে তারা যেন নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান। জনপ্রতিনিধির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, সেটিই প্রমাণ করতে চেয়েছি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়েও ভর্তি হতে চান। উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন রয়েছে তার।
মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। এই বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করা বর্তমান সমাজের জন্য একটি দৃষ্টান্ত।




