খুলনায় নির্মীয়মান দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় নির্মীয়মান ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দ্বেবীপুর গ্রামের সুতালের বটতলায় এই দুঘর্টনা ঘটে।
নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি নির্মাণ কাজ করতেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন দিদারুল ইসলামের অটো রাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে রাইস মিলের নির্মীয়মান ইটের দেওয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে গুরুতর আহত খলিলুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



