ফেসবুক লাইভে এসে সরকারের সমালোচনা, নারী উদ্যোক্তা আটক

আটক সাথী আক্তার
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুপুরে সাথী মেকওভার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুৎ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার চুরি হয়েছে। এ ছাড়া তার বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা হয়েছে। কাকে ভোট দিয়ে আজ এই ভোগান্তিতে পড়লাম।
‘প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যটি করেছি মজা করে, ভুল হয়ে গেছে’, বললেন সেই যুবক
২৫ অক্টোবর ২০২৬
লাইভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তারা সাথী আক্তারের পার্লারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




