আম বয়ানের মধ্য দিয়ে শুরু চাঁদপুর জেলা ইজতেমা

ছবি: আগামীর সময়
দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকায় মেঘনা নদীর তীরে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইজতেমায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমাকে ঘিরে পুরো এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার ও দ্বীনি আলোচনায় অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী এ ইজতেমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান-আমল, আত্মশুদ্ধি, দ্বীনের দাওয়াত এবং ইসলামী জীবনব্যবস্থা অনুসরণের বিষয়ে বয়ান করা হচ্ছে। পাশাপাশি মুসল্লিদের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, নৈতিক চরিত্র গঠন এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লি জুয়েল হোসেন জানান, এ ধরনের ধর্মীয় সমাবেশ মুসলমানদের ঈমানি চেতনা জাগ্রত করা, দ্বীনের শিক্ষা অর্জন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইজতেমার বয়ান ও ধর্মীয় আমলের মাধ্যমে নিজেদের জীবনকে ইসলামের আদর্শে গড়ে তোলার শিক্ষা পাওয়া যায়।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, তিন দিনব্যাপী এ ইজতেমায় জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমার নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ২৪ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের চাঁদপুর জেলা ইজতেমা সমাপ্ত হবে।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনা করা হবে। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি এবং মানবজাতির সার্বিক কল্যাণে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হবে।




