গোয়ালের পানি নিষ্কাশন নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত

গ্রাফিকস: আগামীর সময়
ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার মান্দারবাড়ীয়া হুদো-শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জব্বারের বাড়ি একই গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, জব্বারের গোয়ালঘরের পানি গড়িয়ে প্রতিবেশী জেহের আলীর বাড়ির সামনে যায়। এ নিয়ে জেহেরের ছেলে পলাশের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে জব্বারের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তারা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




