নেত্রকোনায় স্কুলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহত আলমগীর উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।
আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন শাহ।
স্থানীয়রা জানিয়েছেন, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে দুপক্ষ আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সারা দিনই দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।
তারা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে আলমগীরসহ চারজনের অবস্থা গুরুতর ছিল। প্রথমে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি মো. নাসির জানিয়েছেন, সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একটিতে ছিলেন চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন। অন্যপক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা। দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে।
তিনি বলেছেন, ‘সংঘর্ষের ঘটনায় কারা কীভাবে জড়িত ছিলেন, তা পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




