গ্যালারি মাফায় ‘চিত্রমেলা’ শুরু

ছবি: আগামীর সময়
রাজধানীর লালমাটিয়ার গ্যালারি মাফায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বার্ষিক চিত্র প্রদর্শনী ‘চিত্রমেলা ২০২৬’। জলরঙ, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। জলেরধারা ফাইন আর্টসের ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে প্রবীণ ও নবীন ৮১ জন শিল্পীর ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বিভিন্ন বয়স ও প্রজন্মের শিল্পীদের সৃষ্টিকর্মে ফুটে উঠেছে তাদের নিজস্ব ভাবনা, জীবনবোধ ও সৃজনশীলতার বৈচিত্র্য।
উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পী বীরেন সোম তরুণ শিল্পীদের নিয়মিত স্কেচিং, ফিগার ড্রইং ও মেমোরি ড্রইং অনুশীলনের পরামর্শ দেন।
লেখক-শিল্পসংগ্রাহক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি বলেছেন, ‘আমরা একটা অস্থির সময়ে বসবাস করছি। সেই সময়ে আমাদের সবচেয়ে বড় আশ্রয় হওয়া উচিত— শিল্প। শিল্পে আমরা যদি আশ্রয়টা দিতে পারি, তাহলে আমরা শান্তিতে থাকব।’
প্রদর্শনীতে শিল্পের নানা মাধ্যম ও প্রজন্মের সৃজনশীলতার সম্মিলন ঘটেছে উল্লেখ করে জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ বলেছেন, ‘শিল্পীদের পাশাপাশি শিল্পানুরাগীদের অংশগ্রহণে ‘চিত্রমেলা ২০২৬’ আরও আনন্দময় ও অর্থবহ হয়ে উঠেছে।’
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন— সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, হামিদুজ্জামান খান, বীরেন সোম, মোহাম্মদ ইকবাল, গৌতম চক্রবর্তী, আজহারুল হক শেখ, কারু তিতাস, পারভেজ, শাহানুর মামুন ও কামাল উদ্দিনসহ অনেকে। প্রদর্শনীটি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যালারি মাফায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




