বাইক দুর্ঘটনায় আগে হারিয়েছিলেন পা, এবার হারালেন প্রাণ

নিহত সাংবাদিক কাজী আশরাফ
প্রায় ৩০ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় হারিয়েছিলেন এক পা। কৃত্রিম পা নিয়েই চালিয়ে যাচ্ছিলেন সাংবাদিকতা। আজ আবারও মোটরসাইকেল দুর্ঘটনা। এবার প্রাণ হারালেন নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫)।
আজ রবিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায়। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক মাহমুদুল হাসান অনিক (৩৫)।
দুর্ঘটনায় নিহত আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি দৈনিক ভোরের দর্পণের লোহাগড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানালেন, আজ সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন আশরাফ ও অনিক। ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাস তাদের বাইকে ধাক্কা দেয়।
হাইওয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে আশরাফকে রেফার করা হয় ঢাকায়। পথেই তার মৃত্যু হয়।
আশরাফের পরিবার জানায়, ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন আশরাফ। সেসময় তার মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিচ্ছিন্ন হয় একটি পা।পরে কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করতেন তিনি।
এসআই সোহেল জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।




