জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়, প্রশাসনকে সতর্ক করলেন নাহিদ

সংগৃহীত ছবি
জুলাই যোদ্ধাদের চিকিৎসায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। এই নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে হাজারো মানুষের জীবনদান, অঙ্গদান ও পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আহত এই ভাইবোনদের প্রতি যেন সরকারের দৃষ্টি থাকে। কোনো প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়।’
জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, পরিবারের সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘তাদের প্রতি যে কমিটমেন্ট ছিল, আর্থিক সহযোগিতার এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সহযোগিতা, সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষার প্রয়োজন। তবে একটা দলের পক্ষ থেকে যতটা সম্ভব, সরকারের পক্ষে রাষ্ট্রের অনেক বেশি সম্ভব। অনেক কিছু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই করা হয়েছে। সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।’
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারা এই দেশের বীর। তাদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারতেছি, স্বপ্ন দেখছি, তাদের কারণেই সম্ভব হয়েছে। তাদের যেন কখনো আমরা ভুলে না যাই। তারা হয়তো বাকি জীবন সুস্থ জীবন ফিরে পাবে না। রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে তাদের পাশে থাকতে হবে।’
এ সময় ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।




