নিখোঁজের একদিন পর নদীতে মিলল শিশুর লাশ

প্রতীকী ছবি
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করা হয়েছে আট বছর বয়সী এক শিশুর মরদেহ। আজ শনিবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামসংলগ্ন বাসিয়া নদীতে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নিহত শিশুর নাম আবিদ মিয়া (৮)। সে দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানালেন, শুক্রবার বিকাল ৪টা থেকে আবিদ মিয়া নিখোঁজ হয়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শনিবার সকালে গ্রামের পাশে বাসিয়া নদীতে একটি দেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে স্থানীয়রা দেহটি শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সুহেল খান বলেছেন, শিশুটি অসাবধানতাবশত নদীতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেছেন, শিশুটির বাড়ির পার্শ্বে একটি সাঁকো ছিল। আর সেই সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে নদীর পানিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি সাঁতার জানত না, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।




