বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পেল রাসিক, উৎসর্গ নগরবাসীকে

বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দেশের সব সিটি করপোরেশনের মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। অর্জিত পুরস্কার নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে রাসিকের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থার প্রতিনিধিরা।
পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রাসিক। এগুলো হলো দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা।
পুরস্কার গ্রহণের পর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানালেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
তিনি বললেন, ‘এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি করপোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মী, পরিচ্ছন্নতা বিভাগসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।’
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। সড়ক, পাড়া-মহল্লা ও বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণে তাদের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঁচটি ক্যাটাগরিতে পাওয়া এ পুরস্কার পরিচ্ছন্ন নগর গড়তে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশারফ হোসেন এবং রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, জাইকা, এলজিইডি ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



