প্রকাশ্যে ইয়াবা সেবন, দুজনের কারাদণ্ড

কারাদণ্ড হওয়া দুই যুবক
কক্সবাজার শহরে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার সদর থানার শৈবাল গাড়ির মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার কাপুরা এলাকার রাজু আহম্মদ (৩০) এবং একই উপজেলার শালফা পূর্বপাড়া এলাকার আব্দুল মোমিন (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।



