বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা, গ্রেপ্তারে আলটিমেটাম

ছাত্রদল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল, বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল
ফেসবুক পোস্টে কমেন্টের জেরে ছাত্রদল নেতাকে তার বাসায় গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল। তিনি সিলেটের বিশ্বনাথের পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোড এলাকায় ছাত্রদল নেতার বাসায় ঘটেছে এ ঘটনা।
আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী।
পথ সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন ছাত্রদল নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয়রা জানান, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ স্ট্যাটাস দেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয়।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেছেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায়, তিনি আমাদের ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছে। খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।



