পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গোসলে নেমে দুইজন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ সোমবার দুপুরে পদ্মা সেতুর ৪ নাম্বার খুঁটির সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। তাদের বাড়ি ঢাকার খিলগাঁও ও পটুয়াখালীতে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মো. মালেক খসরু খান এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে নিখোঁজ হন বাকি দুজন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।




