রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, আটক একজন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রবিবার দুপুর দুইটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, ৫ অস্ট্রেলীয় ডলার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য হিসেবে ইরফানকে আটক করা হয়। আটক ইরফান ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে।
আটকের পর ইরফানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



