গাংনীতে গরুবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১০

ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও ১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে গাংনী উপজেলার রাইপুর বাজারে।
নিহত চালকের নাম উজ্জ্বল হোসেন (৩৫)। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও লাটাহাম্বার চালক। হতাহতদের সবাই পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মেহেরপুর থেকে গরুবোঝাই ট্রলি নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিলেন তারা। পথে রাইপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক উজ্জ্বল হোসেন নিহত হন এবং ট্রলিতে থাকা অন্যরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি সরিয়ে আহতদের উদ্ধার করেন। পরে দড়ি কেটে ট্রলিতে থাকা গরুগুলো বের করে আনা হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেছেন, হাসপাতালে আনার আগেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী আগামীর সময়কে জানিয়েছেন, গরুবোঝাই ট্রলি উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতদের পাশাপাশি দুর্ঘটনায় পড়া গরুরগুলোরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।





