আওয়ামী লীগ ‘সমর্থক’ শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
রংপুর অফিস

ছবি: আগামীর সময়
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগ তুলে এক শিক্ষককে মারধর করে পুলিশ সোপর্দ করেছেন জুলাই যোদ্ধা ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে।
আটক ওই শিক্ষকের নাম আতিয়ার রহমান। তিনি রংপুর আলফালাহ ইনস্টিটিউটের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত। তিনি রংপুরের পীরগাছার ইটাকুমারী এলাকার বাসিন্দা।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এএসআই আল মামুন জানান, ওই শিক্ষক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের পোষ্ট ফেসবুকে শেয়ার করতেন। বিষয়টি এলাকার ছাত্রদল ও জুলাই যোদ্ধারা জানার পর তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের কাছে সোপর্দ করা হয় ওই শিক্ষককে।
পুলিশের ভাষ্য, শিক্ষক আতিয়ার রহমান জানিয়েছেন তিনি আওয়ামী লীগের সক্রিয় কোন কর্মী নন, শুধু দলটিকে সমর্থন করেন।



