মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত অতিথি রাণী দাস (১৩) উপজেলার ভুবনের বাড়ি এলাকার গোপাল চন্দ্র জলদাসের মেয়ে। চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.নুরুল হাকিম।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতাল পৌঁছানোর আগেই মারা যায় মেয়েটি।
কোম্পানীগঞ্জ থানার ওসি বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় হয়েছে অপমৃত্যুর মামলা। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






