দেশে ৫০৩টি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে, বললেন শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বললেন, বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী উল্লেখ করলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। তাদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। এই সম্পদকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে প্রকৃত জ্ঞান, গবেষণা, বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে হবে, তবে এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না।
শিক্ষামন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারেও সরকার কাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও উদ্যোগ রয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাও ছিল তার স্বপ্ন। এ কারণে সরকার বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাডেমিক ভবন, অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহন সংকট নিরসনে দুটি বৈদ্যুতিক বাস দেওয়া, জনবল কাঠামো অনুমোদন এবং জমি অধিগ্রহণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বললেন, আগামী দিনে ফলাফল আরও ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী জানালেন, ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করে জাতির ক্ষতি করা যাবে না। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।



