সিলামে রাসেল হত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা

ছবি: আগামীর সময়
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন বলেছেন, নিহতের মা বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সিলেটের চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল আহমদ শাহ।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা প্রথমে রাসেলের মাথায় লাকড়ি দিয়ে আঘাত করে। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেল আহমদ শাহের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।




