নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে। নাব্যতা সংকটের কারণে নিয়মিত ফেরি ভিড়তে না পারায় ৭ নম্বর ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘাটটি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
তিনি বলেন, ‘নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘাটটি চালু রাখার বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।’



