পুশইনে ব্যর্থ হয়ে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ছবি: আগামীর সময়
লালমনিরহাটের তিনটি সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সীমান্তের নো-ম্যানস ল্যান্ড থেকে ওই ৩৩ জনকে ফিরিয়ে নেওয়া হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে শুক্রবার ভোরে লালমনিরহাটের পৃথক তিনটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়।
খবর পেয়ে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় দ্রুত অবস্থান নেয় বিজিবি। স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান গ্রহণ করেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে পুশইনের জন্য আনা ব্যক্তিরা দিনভর নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করেন।
পরে শুক্রবার রাত ৮টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক মন্ডল জানান,দুই বিএসএফ সদস্য ভেতরে ঢুকে গেইট খুলে তাদেরকে পিকআপ যোগে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন প্রচেষ্টা মোকাবিলায় সতর্ক রয়েছে বিজিবি ।




