শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (২ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব আশিক আহমদ তানভীর খান স্বাক্ষরিত এক চিঠিতে শপথ অনুষ্ঠানের সময় ও স্থান জানানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনের শপথ ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।




