চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, সভাপতিসহ ৫ জন বিবাহিত

সভাপতি জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে ১৪ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয়েছে জুয়েল মাহমুদকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক আহমেদ রানা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই পদপ্রাপ্ত কয়েকজন নেতার বৈবাহিক অবস্থা ও সন্তানের বিষয়টি সামনে আসায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত এ কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত এবং সন্তানের জনক। ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি পদে রয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। এর মধ্যে সহসভাপতি সাইমুজ্জামান মিশার এক সন্তান রয়েছে এবং জিল্লুর রহমান বিবাহিত বলে জানা গেছে; তবে ফয়সাল ইকবাল অবিবাহিত।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুবুর রহমান বিবাহিত হলেও মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান অবিবাহিত। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিবাহিত আরাফাত হোসেনকে, যার এক সন্তান রয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিবাহিত রাশিদুল ইসলাম, যার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর ওই কমিটি বিলুপ্ত করা হয়েছিল। বিলুপ্ত সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা।




