মুজিব সংবিধানের পাহাদার নয়, জনগণের সংবিধানের পাহাদার হোন : নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি: আগামীর সময়
মুজিব সংবিধানের পাহাদার নয় বরং জনগণের সংবিধানের পাহাদার হতে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, ‘শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লির দাদা বাবুদের খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল। এই সংবিধানের কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল। সেই সংবিধানকে আমরা সংস্কার করে নতুনভাবে একটি বাংলাদেশ গড়ব। সরকারকে বলব, মুজিব সংবিধানের পাহাদার হবেন না। জনগণের সংবিধানের পাহাদার হোন।’
বুধবার রাতে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় গেলে কেউ আমাদের অবাঞ্ছিত করছে, কেউ ডিম নিয়ে, কেউ ইট-পাটকেল নিয়ে প্রস্তুত হচ্ছে, কোথাও বৈদ্যুতিক তার কেটে দেওয়া হচ্ছে। কারণ একটাই, আমরা মজলুমের পক্ষে। আর জালেমের গদিতে আগুন লাগার কারণে আজ তারা আমাদের প্রতিহত করতে চায়। নতুন বাংলাদেশের স্বপ্ন তারা গলা টিপে হত্যা করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে সবাই হাজী শরিয়তউল্লাহর লাঠিয়াল বাহিনীর মতো লাঠি প্রস্তুত করবেন। তিতুমীর যেভাবে বাঁশের কেল্লা বানিয়েছিল, আপনারা সেভাবে বাঁশ নিয়ে প্রস্তুত হোন। যদি কেউ কেন্দ্র দখল করতে আসে, তাহলে আপনারা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের প্রতিহত করবেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির।




