নোয়াখালী
প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

অস্ত্রের মুখে চাঁদাবাজির অভিযোগে আটক আনোয়ার হোসেন টিটু (৩১)। ছবি: সংগৃহীত
নোয়াখালীর মাইজদীতে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন টিটুকে (৩১) গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের ছোট খামার বাড়ির নুর আলমের ছেলে তিনি। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যান।
পুলিশের ভাষ্য, চাঁদাবাজির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল হক ম্যানশন ঘেরাও করে। ভবনের সিঁড়িতে সন্দেহভাজন অবস্থায় টিটুকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা এবং নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে সঙ্গে নিয়ে ভবনের চারতলার একটি বাসায় গেলে ভুক্তভোগী নাঈমা আক্তার (১৮) ও তার পরিবারের সদস্যরা পুলিশকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আরও দুজন সহযোগীকে নিয়ে প্রায় এক ঘণ্টা আগে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই অভিযুক্ত পালিয়ে যায়। ভবনের নিচ থেকে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





