কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

পাহাড় কাটার মামলার প্রধান আসামি খালেক মাঝিকে (৫২) আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি খালেক মাঝিকে (৫২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক খালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে।
পুলিশের ভাষ্য, ৩ আগস্ট সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিকাশ বিল্ডিং-সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ভূমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগ ওঠে। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে ইমারত নির্মাণ আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় দায়ের করা দুটি মামলায় খালেক মাঝিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, ‘পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’





