নেত্রকোনা
পানিতে গেল ধানখেত, আগুনে পুড়ে ছাই দোকান

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে দুটি মনোহারি দোকান পুড়ে ছাই। ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে অগ্নিকাণ্ডে দুটি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকালে উপজেলার ৭ নম্বর গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে ঘটে এ ঘটনা। বর্ষাকালে চারপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে পানি ছিটিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
এলাকাবাসীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হলেন সেলিম মিয়া ও সাদেক মিয়া।
ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ সেলিম মিয়ার মনোহারি দোকানে আগুন লাগে। পরে বাতাসের কারণে আগুন দ্রুত পাশের সাদেক মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন একযোগে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুই দোকান ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ‘দোকান ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। ঘর ও মালামালসহ ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অপর ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, ‘ধান গেছে পানিতে। একমাত্র দোকানের আয় দিয়েই কোনোরকম সংসার চালিয়ে যাচ্ছিলাম। এখন শেষ অবলম্বনটুকুও শেষ হয়ে গেল। পরিবার নিয়ে কিভাবে চলব জানি না।’ সব মিলিয়ে তার ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
গাগলাজুর বাজার কমিটির সদস্য সচিব বাদল মীর্জা বলেন, ‘বর্ষাকালে বাজারের চারপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। তাই এ সময় আমাদের এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের সদস্যদের আসার কোনো সুযোগ থাকে না। ফলে স্থানীয় লোকজন মিলে পানি ছিটিয়ে আগুন নেভায়।’
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে ইউএনও আমেনা খাতুন জানান, আগুন লাগার বিষয়টি বাজার কমিটির পক্ষ থেকে এখনো তাকে জানানো হয়নি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে একটি তদন্ত দল পাঠানো হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ সহযোগিতা করা হবে।





