বিয়ের আসরে পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের মণিরামপুরে বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিপাকে পড়েন বরপক্ষের লোকজন।
বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে। মঙ্গলবার হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবারের ভাষ্য, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে বিয়েবাড়িতে যান বরের ফুফাতো ভাই বাঁধন। বর সালাউদ্দিন ছিলেন গাড়িতে। বিয়েবাড়ির সামনে অন্যান্য গাড়ির পাশে পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল রাখা হয়েছিল।
বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মোটরসাইকেলটি আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। পরে এ বিষয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।
সেলিম জাহাঙ্গীর আরও জানান, মোটরসাইকেল চুরির বিষয়টি রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেনকে জানানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বউভাতের অনুষ্ঠান শেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এনামুল হোসেন বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে তাকে কেউ কিছু জানাননি। এ ঘটনায় মোটরসাইকেল উদ্ধারে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়েও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।




