ডিএনসিসির ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার ডিজেল পাচার, চালক আটক

সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ড্রাম ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাক ও ৪০টি পাত্রে রাখা ডিজেল জব্দ করা হয়।
আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার গোদারঘাটে ভাড়া বাসায় থাকতেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতু এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল সাভার মডেল থানা-পুলিশ। এ সময় আমিনবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিরোধের সংকেত দেন পুলিশ সদস্যরা। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪০টি পাত্রে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালক আল-আমিনকে আটক করা হয়।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন, তিনি আমিনবাজার ল্যান্ডফিলে ভেকু যন্ত্রে ব্যবহারের জন্য রাখা ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি চোরাই তেলের চক্রের কাছে যাচ্ছিলেন।
এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আটক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।





