গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা

গোপালগঞ্জের পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়াগামী লংমার্চ গোপালগঞ্জে পৌঁছেছে। সেখানে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত পথসভায় অংশ নেন জোটের শীর্ষ নেতারা।
আজ শনিবার পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে।
খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে নেতাদের। এরপর যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালেও পথসভা অনুষ্ঠিত হবে।
সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত কর্মসূচির পাশাপাশি লংমার্চের পথে বিভিন্ন স্থানে গণজমায়েতের মুখোমুখি হয়ে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারাও এ কর্মসূচিতে বক্তব্য দেবেন। লংমার্চের রুটের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরাও বহরকে অভ্যর্থনা জানাবেন।
এর আগে সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর।
এদিন সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়াগামী লংমার্চ শুরু হয়।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করে।



