ট্রেনে খেজুর খাইয়ে যাত্রীর সর্বস্ব লুট

ভুক্তভোগী যাত্রী
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে খেজুর খাইয়ে অচেতন করে মোবাইল ফোন ও মানিব্যাগ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজ রবিবার সকালে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে পৌঁছালে ওই যাত্রীকে অসুস্থ অবস্থায় নামিয়ে দেন সহযাত্রীরা।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে চট্টলা এক্সপ্রেস থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। এ সময় তাকে অস্বাভাবিক অবস্থায় স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে হেলে-দুলে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে পড়ে যাওয়ার উপক্রম হলে স্টেশন মাস্টার তাকে নিজের কক্ষে নিয়ে বসান। তার শারীরিক অবস্থা দেখে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করেন স্টেশন মাস্টার। পরে তাকে আচার ও টকজাতীয় খাবার খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন।
একপর্যায়ে কিছুটা স্বাভাবিক হলে ওই যাত্রী জানান, তিনি চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশে চট্টলা এক্সপ্রেসে উঠেছিলেন। ট্রেনের মধ্যে এক অপরিচিত বয়স্ক ব্যক্তি তাকে খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তিনি অস্বাভাবিক হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার জ্যাকেটের পকেট কেটে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পরে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে কয়েকজন সহযাত্রী তাকে নামিয়ে দেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া জানান, ওই যাত্রীর নাম-ঠিকানা জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৬ বছর। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ওই যাত্রীর কাছ থেকে জানা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়।
ট্রেনে ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করতে যাত্রীদের সতর্ক করেছেন স্টেশন মাস্টার। পাশাপাশি মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।




