ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি ও এমপির কার্যালয় ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়সহ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোবারক হোসেন সভাপতি এবং জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক হয়েছেন। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
আজ শুক্রবার বিকালে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয়। কার্যালয়টি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুপক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



