বাউফল ছাত্রদল সভাপতির মুক্তি দাবিতে বিক্ষোভ, দুপুরে কারামুক্তি

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার মুক্তি দাবিতে উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করার কয়েক ঘণ্টা পর আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে আদালত এই আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হয়। আদালত প্রথমে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আজ দুপুরে আদালত তাকে জামিন দিলে তিনি কারামুক্ত হন।
আদালতের আদেশের আগে বেলা ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান।
তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন একটি মামলায় ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার জেরে মামলা করা হয়েছে। সে সময় ফাহাদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
গত ২৬ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজসংলগ্ন একটি ফলের দোকানে হামলা, লুটপাট ও দোকানি আল-আমিনকে মারধরের অভিযোগে ফাহাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।




