বিএনপির ওয়ার্ড সভাপতি পাচ্ছেন প্রথম কৃষক কার্ড

কৃষক মোহাম্মদ আলী (মাঝে)। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ আলী পাচ্ছেন প্রথম কৃষক কার্ড। সোমবার আগামীর সময়কে এ তথ্য জানালেন তিনি নিজেই। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধন করবেন কৃষক কার্ডের।
তিন বছর ধরে ওই ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্ব পালনের কথাও জানান মোহাম্মদ আলী।
‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে প্রথম কৃষক কার্ডটি হাতে পাব। আমি আনন্দিত।’ তথ্য দিয়ে এক বাক্যের অনুভূতি তার।
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুরুজ এলাকার বাসিন্দা এই কৃষক। বলছিলেন, ‘আমরা কৃষক কার্ডে ভাতা পাব। ন্যায্য মূল্যে পাব সার, বীজসহ যাবতীয় কৃষি পণ্য। ভালো ফসল ফলাতে পারব। বিএনপি সরকারের কাছে কৃতজ্ঞ।’
‘আমার একটি পুকুর এবং ১২০ শতাংশ কৃষি জমি আছে। সেখানে কৃষি কাজ বাড়াব’, যোগ করেন তিনি।
















