বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক মো. ইব্রাহীম ওরফে জীবন
নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি করে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।




