হবিগঞ্জ মেডিকেল কলেজ : ভাড়াতেই যাচ্ছে কোটি টাকা
- স্থায়ী ক্যাম্পাস নেই
- ছাত্রাবাসের চার ভবনের ভাড়া বছরে ৯৮ লাখ টাকা
- ১০ বছরে ব্যয় প্রায় ১০ কোটি টাকা
- শিক্ষক ও ল্যাব সংকটে ব্যাহত পাঠদান
- ১৬০১ কোটির প্রকল্পের অপেক্ষা

সংগৃহীত ছবি
প্রতিষ্ঠার ১০ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি হবিগঞ্জ মেডিকেল কলেজ। নানা সংকটে ২৫০ শয্যার জেলা হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম তলায় চলছে কার্যক্রম। নিজস্ব ছাত্রাবাস না থাকায় এ সময়ে ভাড়া বাবদ বাড়তি ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ভাড়া বাসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। ঘটছে হামলা-পাল্টা হামলা ও চুরির ঘটনা। এ ছাড়া শিক্ষক ও ল্যাব সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান ও ব্যবহারিক শিক্ষা।
মেডিকেল কলেজে ১৬টি বিভাগে শিক্ষকের ৮৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৪ জন। বাকি ৩৯টি পদ শূন্য। অধ্যক্ষসহ অধ্যাপক পদে ১১ জনের বিপরীতে আছেন ৫ জন, সহযোগী অধ্যাপক ২৪ জনের মধ্যে ১২ জন, সহকারী অধ্যাপক ২৬ জনের মধ্যে ১৩ জন এবং প্রভাষক ২৪ জনের মধ্যে ১৪ জন।
অন্যদিকে, জেলা সদর হাসপাতালে চিকিৎসক প্রয়োজন ৭৮ জন। আছেন মাত্র ১৯ জন। ফলে মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ১৮ জন শিক্ষককে হাসপাতালের ১১টি বিভাগে নিয়মিত রোগী দেখতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শ্রেণিকক্ষ প্রয়োজন ১৬টি। রয়েছে মাত্র ৫টি।
ব্যবহারিক শিক্ষার জন্য চারটি বিভাগের চারটি আলাদা ল্যাব প্রয়োজন। রয়েছে মাত্র একটি। ফলে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নিয়মিত ব্যবহারিক শিক্ষার সুযোগ পাচ্ছেন না। চতুর্থ বর্ষের ছাত্রী তানজিলা নার্গিস সুইটি জানালেন, ল্যাব ব্যবহারের জন্য অনেক সময় তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে অন্যান্য ক্লাসের সময়সূচি এলোমেলো হয়ে যায়।
নিজস্ব ভবন না থাকায় ছাত্রাবাসের চারটি ভবন ভাড়া নিতে বছরে ৯৮ লাখ টাকা ব্যয় হচ্ছে। এসব ভবনে ২৬৩ ছাত্রী ও ১২৭ জন ছাত্র থাকেন। ভাড়া ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তার ঘাটতি রয়েছে।
গত ১৯ আগস্ট অনন্তপুরের হোস্টেলে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মতবিরোধে এ সংঘর্ষে প্রায় ১৫ ছাত্র আহত হন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অনন্তপুর এলাকায় কলেজের ভাড়া বাসায় থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিল্লুর রহমান জানালেন, ছাত্রছাত্রীদের মধ্যে মতবিরোধের পাশাপাশি রয়েছে নিরাপত্তাঝুঁকিও। গত বছর তাদের একজনের মোবাইল ফোন চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরা ও স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়। সরকারি ভবন হলে নিরাপত্তারক্ষী ও রান্নার লোক থাকতেন। ভাড়া বাসায় সেই সুবিধা নেই। মূল্যবান মালামাল রেখে বাইরে যাওয়া যায় না। পানি ও বিদ্যুতের সংকটও লেগে থাকে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী জানিয়েছেন, এসব সমস্যার সমাধান স্থায়ী ক্যাম্পাস হলেই সম্ভব। দেশের আরও তিনটি মেডিকেল কলেজের সঙ্গে হবিগঞ্জে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনে রয়েছে। সদর উপজেলার চতুল মৌজায় ৩০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেই ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ হবে। শুধু হবিগঞ্জ ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত ব্যয় ১ হাজার ৬০১ কোটি টাকা। ২০২৬ সালের মধ্যেই কাজ শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারদলীয় হুইপ মো. জি কে গউছের সহযোগিতায় প্রকল্প অনুমোদনের জন্য যোগাযোগ রাখা হচ্ছে।



