স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খন্দকার মারুফ

ছবি: আগামীর সময়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূলে জনগণের সেবা নিশ্চিত করতে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
বুধবার (১১ নভেম্বর) দাউদকান্দি পৌরসভার 'মারুফ ভিলা'য় আসন্ন ইউপি নির্বাচনে মেঘনা উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ সমন্বয়কারী ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল হাশেম। বাছাই প্রক্রিয়ায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি ও সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার। এ সময় মারুফ ভিলা প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মারুফ বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। গণতন্ত্রের প্রথম পাঠশালাই হচ্ছে স্থানীয় সরকার কাঠামো এবং এর ব্যবস্থাপনা। এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি দুর্বল হলে গণতন্ত্রের যাত্রাপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তৃণমূল পর্যায়ে জনগণের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এ কারণেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ২০১৪ সালে একদলীয়, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতে এবং ২০২৪ সালে পাতানো ও ডামি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে গায়ের জোরে ১৭ বছর ক্ষমতা আঁকড়ে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের অর্থনীতি ও সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছেন।
খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। দেশে সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন ও গণতন্ত্রের উত্তরণে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি আওয়ামী লীগের জুলুম ও আতঙ্কের রাজনীতির পরিবর্তে দেশে শান্তি, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন বলে দাবি করেন তিনি। ইতোমধ্যে জনগণ এই ধারার রাজনীতিতে শামিল হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ব্যবস্থা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কাজ করে। স্থানীয় পর্যায় থেকেই রাজনৈতিক সচেতনতা, নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে ওঠে।
আগামী ইউপি নির্বাচনে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চেয়ারম্যান ও মেম্বার পদে সৎ, মেধাবী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।



