খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তার মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা গ্যারিসন মোড়ে ঘটে এ দুর্ঘটনা।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট গ্রামের আবু তালেব খানের ছেলে। তিনি সিআইডির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজলুর রহমানের মেয়ে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। সোমবার দুপুরে মেয়ের সঙ্গে দেখা করতে তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে খুলনায় আসেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
রাত সাড়ে ৭টার দিকে গিলাতলা ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ‘ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তা ফজলুর রহমান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’




