রঙহীন আর্জেন্টিনাবাড়ি

এবার নতুন করে রঙের ছোঁয়া লাগেনি কুমিল্লা সদরের চানপুরের আর্জেন্টিনা সমর্থকের সেই ভাইরাল বাড়িতে। ২০২২ কাতার বিশ্বকাপ চলার সময় বাড়িটি নিয়ে হইচই হয়েছিল বেশ। শিক্ষক মো. সামিউল আলম জাহেদ তার দোতলা বাড়িটি রাঙিয়েছিলেন আর্জেন্টিনার পতাকার আদলে। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে উৎসবও হয়েছিল বাড়ির সামনে।
গত চার বছরে ভবনটিও পুরনো হয়েছে। আর্জেন্টিনার রঙও ফ্যাকাশে হয়েছে। নতুন করে রঙের ছোঁয়া না লাগলেও এই বাড়িটি চার বছর ধরে আর্জেন্টিনা দলের ধারক ও বাহক হিসেবে সমর্থনের প্রতীক হয়ে এখনো দাঁড়িয়ে আছে।
পুরো বাংলাদেশের মতোই কুমিল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। বিশ্বকাপ এলেই জেলার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন সড়ক ও বহুতল ভবনে শোভা পায় দুই দেশের পতাকা। এরই ধারাবাহিকতায় ২০২২ কাতার বিশ্বকাপের সময় চানপুরের চিত্রশিল্পী সামিউল আলম জাহেদ তার বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙ করান। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছিল দেশের নামি সব পত্রিকা আর টেলিভিশনে। এবার নতুন করে রঙ করাচ্ছেন না তিনি।
এ নিয়ে সামিউল আগামীর সময়কে বললেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ির ছবি পোস্ট করার পর শুরুতে ট্রলের শিকার হয়েছিলাম। আর্জেন্টিনা ফাইনালে পৌঁছানোর পর অনেক মিডিয়া বাড়ির ছবি ও খবর প্রকাশ করে। এবার আরেকটি বিশ্বকাপ আসছে। কিন্তু বর্তমান বিশ্বে বিরাজ করা যুদ্ধ পরিস্থিতি আর অস্থির অবস্থার কারণে আগের সেই আমেজ পাচ্ছি না। তাই বাড়ি রঙ করাইনি। তবে আশা করছি, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’






