রুটি গলায় আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর
টাঙ্গাইল প্রতিনিধি

সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল— সংগৃহীত
টাঙ্গাইলে রুটি গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুরের হলুদিয়া চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিকা জান্নাত হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই আনিকার মৃত্যু হয়েছে।
পরিবার আরও জানায়, আনিকার মা শিরিন আক্তারের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বললেন, ‘ঘটনা জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। যেহেতু মা-বাবার মধ্যে দীর্ঘদিনের মামলা রয়েছে, সেক্ষেত্রে কারও কোনো আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া নিতে পারবেন।’







