বাউফল
৭ বছরের অন্ধকার ঘুচল বাকপ্রতিবন্ধী খাদিজার পরিবারে

ছবি: আগামীর সময়
অবশেষে বিদ্যুতের আলো জ্বলেছে পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা এলাকার বাকপ্রতিবন্ধী খাদিজা বেগমের ঘরে।
দীর্ঘ সাত বছর বিদ্যুৎবঞ্চিত থাকার পর আগামীর সময়ে সংবাদ প্রকাশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পেয়েছে অসহায় পরিবারটি।
গত ২৮ জুন আগামীর সময়ে প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়, বাকপ্রতিবন্ধী খাদিজা বেগমের পরিবার সাত বছর ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের সব বাড়িতে বিদ্যুৎ থাকলেও তাদের ঘর ছিল অন্ধকারে। রিকশাচালক ইলিয়াস হাওলাদারের পাঁচ সদস্যের পরিবারে স্কুলপড়ুয়া সন্তানকে মোমবাতির আলোয় পড়াশোনা করতে হতো। প্রচণ্ড গরমে কষ্ট পেত সাত মাস বয়সী শিশুসহ পরিবারের সবাই। এমন কী মোবাইল ফোন চার্জ দিতেও যেতে হতো অন্যের বাড়িতে।
সংবাদটি ইউএনও সালেহ আহমেদের নজরে এলে তিনি তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার উদ্যোগে ২ জুলাই বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ সংযোগ পেয়ে আবেগাপ্লুত ইলিয়াস হাওলাদার বললেন, ‘ভাবতেই পারিনি এত দ্রুত আমাদের ঘরে বিদ্যুৎ আসবে। ইউএনও স্যার, বিদ্যুৎ বিভাগ এবং আগামীর সময় পত্রিকার প্রতি আমরা কৃতজ্ঞ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেছেন, ‘আগামীর সময় পত্রিকায় প্রকাশিত সংবাদটি নজরে এলে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে ২ জুলাই বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।’




