রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ছবি: সংগৃহীত
রাজধানীর কাওরানবাজার ও শিশুমেলার সামনে পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ছুরি।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হৃদয় (২৩), রাশেদ (২৩), মো. শামীম ওরফে সাগর এবং মো. শাহ আলম (৩৫)। তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে তাদের। আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিটিটিসি সূত্র জানায়, সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সোমবার সন্ধ্যায় কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ছিনতাইয়ের চেষ্টাকালে হৃদয়, রাশেদ ও মো. শামীম ওরফে সাগরকে হাতেনাতে আটক করে। একই দিন রাত সাড়ে ৮টার দিকে শিশু মেলার সামনে ওভারব্রিজের ওপর ছিনতাইয়ের চেষ্টার সময় মো. শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী এবং একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল তারা।
পুলিশের ভাষ্য, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় হৃদয়ের বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি, রাশেদের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি, মো. শামীম ওরফে সাগরের বিরুদ্ধে দুটি এবং মো. শাহ আলমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।




