কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মোহাম্মদ কাউসার নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় ঘটে এ ঘটনা।
কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন এ তথ্য।
স্থানীয়দের বরাতে তৌহিদুল জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। এর পরদিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে কাউছারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
কোতোয়ালি থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত চলছে।



