মোংলায় হোটেলে এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, ম্যানেজারসহ আটক ২

ছবি: আগামীর সময়
বাগেরহাটের মোংলায় একটি আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার মো. মহসীন (৪০) ও কর্মচারী বনি আমিনকে (২৩) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত কাজে মোংলায় এসে গত মঙ্গলবার রাতে ওই হোটেলে অবস্থান নেন এক এনজিও কর্মী। তিনি বাথরুমে গোসল করার সময় পাশের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোনে তার ভিডিও ধারণ করা হয়। বিষয়টি ভুক্তভোগীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন এবং রাতেই তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান এই অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
ওসি আরও পরিষ্কার করেন, হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার অপর এক আসামি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে মাদক, জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। পুলিশ এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে। হোটেলটির মালিক তালুকদার আখতার ফারুকের রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন সময়ে তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে।
আবাসিক হোটেলে নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার দাবিতে স্থানীয় পর্যায়ে ক্ষোভ বিরাজ করছে।




